সরকার মানুষের অধিকার হরণ করেছে :মওদুদ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৫০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদু্দ আহমদ এমপি বলেছেন, সরকার মানুষের গণতান্ত্রিক-মৌলিক-রাজনৈতিক-সামাজিকসহ সব অধিকার হরণ করেছে। তারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সত্য কথা লেখার দায়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। তিনি হ্যাকিং করেনি—বিশ্বের অন্যতম পত্রিকা দি ইকোনমিস্টের রিপোর্টের আলোকে দৈনিক আমার দেশ-এ সংবাদ প্রকাশ করেছে। সরকার সমালোচনা সহ্য করতে পারে না—তারা স্বৈরাচারে পরিণত হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার ছাত্রদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র সহনশীলতা—কিন্তু সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। তারা বিজয়ের মাসে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৩৭টি মামলা দায়ের করেছেন। প্রকাশ্যে বিশ্বজিেক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক লেপন করেছে। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল কবির ফয়সলের সভাপত্বিতে জাহেদুর রহমান রাজনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— হাসনা মওদুদ, আবদুল হাই সেলিম, নুরুল আলম সিকদার, কামাল উদ্দিন চৌধুরী, বেলায়েত হোসেন স্বপন, হুমায়ুন কবির পলাশ, নুরুল আমিন খান, সাবের আহমদ প্রমুখ।