ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে আজ সোমবার ৯ রাজ্যের ৭২ আসনে ভোটগ্রহণ হবে। এসব আসনে প্রায় ১০ কোটি ভোটারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৯৪৩ জন প্রার্থীর। আজ ভোট হবে বিহারের ৫, জম্মু ও কাশ্মীরের ১, ঝাড়খণ্ডের ৩, মধ্য প্রদেশের ৬, মহারাষ্ট্রের ১৭, ওড়িশার ৬, রাজস্থানের ১৩, উত্তর প্রদেশের ১৩ এবং পশ্চিমবঙ্গের ৮ আসনে। বিশ্লেষকদের অনেকের মতে, এবারের নির্বাচনে বিজেপির জন্য প্রকৃত চ্যালেঞ্জের শুরু হচ্ছে এই ধাপ থেকেই। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের যে ৪৩ আসনে ভোট হচ্ছে, সেগুলোর বেশিরভাগই ২০১৪ সালে জিতেছিল বিজেপি। এবার এর অনেকগুলো বিজেপির হাত ছাড়া হতে পারে।
এর আগে তিন ধাপে মোট ৩০২ আসনে ভোটগ্রহণ হয়েছে। আজকের চতুর্থ ধাপের ভোটে ভাগ্য নির্ধারিত হবে নরেন্দ্র মোদির সরকারের মন্ত্রী গিরিরাজ সিং, মিলিন্দ দেওরা, বাবুল সুপ্রিয়, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, উপেন্দ্র কুশাওয়ারের মতো হেভিওয়েট প্রার্থীদের। অন্যদিকে ভাগ্য নির্ধারিত হবে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন ও শতাব্দী রায়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বাম নেতা কানহাইয়া কুমারেরও। এছাড়াও কংগ্রেস নেতা সালমান খুরশিদ ও প্রিয়া দত্তও রয়েছেন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে।
