নরেন্দ্র মোদি তৃতীয়বার গুজরাটের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৫১
ভারতের গুজরাটে বুথ ফেরত ভোটারদের চালানো জরিপে দেখা গেছে, তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। গতকাল সোমবার ভোট দেয়ার পর এক প্রতিক্রিয়ায় মোদি আশা প্রকাশ করেন, ব্যাপক ভোটে জয়লাভ করে বিজেপি ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে হ্যাটট্রিক করতে যাচ্ছে। নরেন্দ্র মোদি ভোট দেয়ার পর ভি চিহ্ন দেখান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের। রাজ্যের বিধানসভা নির্বাচনে দুই দফা ভোট গ্রহণের গতকাল ছিল শেষ দিন। ২৩ হাজার ৩১৮টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এর আগে গত ১৩ ডিসেম্বর ৯৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘সি ভোটার’ এবং ‘চাণক্য’ নামের দুটি জরিপ প্রতিষ্ঠান জানিয়েছে, বুথ ফেরত ভোটারদের জরিপ করে দেখা গেছে, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীই ব্যাপক ভোটের ব্যবধানে আবারো জয়ী হতে যাচ্ছেন। সি ভোটার জানিয়েছে, মোট ১৮২টি আসনের মধ্যে বিজেপি ১২৪টি আসনে জয়ী হতে পারে। কংগ্রেস ৫৪টি আসনে জয়ী হতে পারে। অন্যদিকে চাণক্য জানায়, রাজ্যে ক্ষমতাসীন দলটি ১৪০টি আসনে জয়লাভ করবে। দলটি শতকরা ৪৬ ভাগ ভোট পেতে পারে। গতকাল সোমবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়। প্রায় দুই কোটি ভোটারের মধ্যে ৭০ ভাগ ভোটার গতকাল ভোট প্রদান করে। প্রথম দফায় ৭০ ভাগের বেশি ভোটার ভোট দেয়। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে।