পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মার্কেটের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন। গতকাল সোমবার আফগানিস্তানের নিকটবর্তী খাইবার অঞ্চলের জমরুদ বাজারে সারি সারি দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে। খবর এএফপির।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বাজার এবং বাসস্ট্যান্ডে রাখা ছিল। অনেক লোক বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। বিস্ফোরণের পর রাস্তা রক্তে ভেসে যায়। জামা-কাপড়, বই, বোরকা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে প্রায় ২০টি গাড়ি এবং মার্কেটের ১০টি দোকান ভস্মীভূত হয়। ঘটনার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। খাইবার প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা মোতাহের জেব বলেন, ঘটনাস্থল থেকে একশ’ মিটার দূরে সরকারি অফিস থাকলেও সেটির কোনো ক্ষতি হয়নি। এর আগে শনিবার পেশোয়ার বিমান বন্দরে একদল আত্মঘাতীর হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়।
