ইবির ভিসি-প্রোভিসি বিরোধী আন্দোলন অব্যাহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৫২
নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ভিসি অধ্যাপক এম আলাউদ্দিন, প্রো-ভিসি অধ্যাপক কামালউদ্দিন ও ট্রেজারার অধ্যাপক শাহজাহান আলী পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। লাগাতার কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার সকালে প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলনকারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের ফলে গত তিন মাস ধরে বিশ্ববিদ্যালয় অচল থাকলেও সরকার কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন—শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক এয়াকুব আলী, নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক নজিবুল হক, বঙ্গবন্ধু অধ্যাপক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল কে এম সালেহ, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক আবদুল লতিফ, অধ্যাপক গোলাম মাওলা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যদি অচিরেই ভিসি, প্রোভিসি ও ট্রেজারার পদত্যাগ না করেন, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।