সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৫৪
ভোলা সদর, তজুমদ্দিন, গোপালগঞ্জ, নান্দাইল, বিশ্বনাথ ও ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৬ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ভোলা (উত্তর) ও বোরহানউদ্দিন ঃ ভোলা সদর ও তজুমদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বাগমারা সড়কে এ দুর্ঘটনায় সেকান্দর আলী বিশ্বাস (৭৬) নামে এক দিনমজুর নিহত হয়েছে। সে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের হযরত আলীর পুত্র। অপরদিকে একই দিন তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর সড়কের কোড়ালমারা এলাকায় মোটর সাইকেল ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহসিন (২৮) নামে এক সাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ ঃ গোপালগঞ্জে সন্ধ্যায় বাস ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রোমান শরীফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রোমান শরীফ গোপালগঞ্জ শহরের ব্যাংক পাড়ার শরীফ মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সাথে নিমতলায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী রোমান নিহত হন। নান্দাইল (ময়মনসিংহ) ঃ নান্দাইল ও কিশোরগঞ্জের তাড়াইল সড়কের যুগের হাওর এলাকায় সোমবার নছিমন উল্টে সম্রাট মিয়া (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের বাড়ি তাড়াইল উপজেলার পুরুড়া গ্রামে। সম্রাট মিয়া কাপড়ের ব্যবসা করতেন। বিশ্বনাথ (সিলেট) ঃ বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহতের নাম সোনারা বেগম (৩৭)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের গনি মিয়ার কন্যা। আহত হয়েছেন একই গ্রামের আলেমা বেগম (৭০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) ঃ রবিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চর হোসেনপুর ব্র্যাক অফিসের সামনে রহিমা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তিনি মারা যান।