বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মহান স্বাধীনতা যুদ্ধে রয়েছে চবির এক অন্যতম ইতিহাস। মহান স্বাধীনতা যুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অথচ বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে স্থান হয়নি কোন শহীদ মুক্তিযোদ্ধাদের!
দেশের জন্য জীবন উত্সর্গকারীদের স্থান না হলেও ওয়েবসাইটে ফলাও করে তুলে ধরা হয়েছে স্বাধীনতার পূর্ব ইতিহাস। সেখানে বিশেষভাবে পাকিস্তানিদের অবদানের কথা বলা হয়েছে।
একাত্তরে প্রাণ বিসর্জন দেওয়া এই ১৫ শহীদের বীরত্বের কথা জানতে শিগগির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সালমা ডলি ক্ষোভের সাথে বলেন, ‘স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা জানে না খোদ চবি পরিবারের সদস্যরা। এটি অত্যন্ত লজ্জাজনক।’
১৯৭১ সালের ২৬ মার্চ আলাওল হলকে ঘাঁটি করে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়, যা ৫ এপ্রিল পর্যন্ত চলে। একাত্তরে বাংলার মাটিতে এটিকেই প্রথম মুক্তিযুদ্ধ বলে ধারণা করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আলাউদ্দিন জানান, সংশ্লিষ্টদের বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। আশা করি অল্প সময়েই তা সংযোজন করা হবে।
