ছানা ও মুক্তিযুদ্ধ একখানি কিশোর উপন্যাস। এটি লিখেছেন প্রখ্যাত কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক। আনোয়ারা সৈয়দ হক ছোটদের জন্য লিখছেন দীর্ঘদিন ধরে এবং ছোটদের জন্য লেখা তার অনেকগুলো বই সমাদৃত হয়েছে।
ছানা ও মুক্তিযুদ্ধ ছানা সিরিজের ছোটদের জন্য লেখা একটি জনপ্রিয় উপন্যাস। এই সিরিজের ছানার নানাবাড়ি ও বাবার সঙ্গে ছানা অনেকের কাছে পরিচিত এবং মুক্তিযোদ্ধার মা ও মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযুদ্ধ বিষয়ক আরেকখানি উল্লেখযোগ্য উপন্যাস।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতাকামী বাঙালির কাছে একটি অনুভূতিপ্রবণ বিষয়। স্বাধীনতাপ্রাপ্তির ইতিহাসের নানা ঘটনা নিয়ে ইতিমধ্যে রচিত হয়েছে নানা বিষয়ের বই। আলোচ্য বইটি একাত্তরের ইতিহাস তথা ঘটনাকে নিয়ে রচিত কিশোর উপন্যাস। বইটির মূল চরিত্র ছানা। ঘটনাস্থল যশোর এবং যশোরের কেশবপুর এলাকা। বইটির শুরু হয়েছে যশোরসহ দেশের সর্বত্র পাকিস্তানি সৈন্যদের বর্বোরোচিত আক্রমণের কাহিনী দিয়ে। পাকদের আক্রমণের পর ছানা তার নানু, খালা ও মায়ের সাথে কেশবপুর গ্রামাঞ্চলে চলে যায়। যুদ্ধের সময় যশোর আসে। আবার গ্রামে চলে যায়। আবার যশোরে ফিরে আসে। এই আসা ও যাবার সাথে মুক্তিযুদ্ধের নানা ঘটনা জড়িয়ে আছে। বইটির আঠারো শীর্ষক অধ্যায়টি দেশ শত্রুমুক্ত হবার দিন অর্থাত্ ১৬ই ডিসেম্বরকে নিয়ে লেখা। বইটির শেষ অধ্যায়টিতে ছানার মুক্তিযোদ্ধা বাবার ফিরে আসার কাহিনী বিধৃত।
আনোয়ারা সৈয়দ হক মর্মস্পর্শী ও সুললিত ভাষায় যশোর এলাকার একটি কিশোর ছেলের মাধ্যমে মুক্তিযুদ্ধের অপূর্ব কাহিনী নির্মাণ করেছেন। বইটির সাতান্ন পৃষ্ঠায় লেখিকা লিখেছেন: আজ বিজয় দিবস। ষোলোই ডিসেম্বর উনিশ শো একাত্তর সাল। চোখের সামনে যেন ভেলকিবাজি ঘটে গেল। নানুজানের কথায় ‘বুঝবি জাদু, সময় হলে বুঝবি মজা। কাঁদবি তুই, আমি খাব গজা।’— ঠিই সেইরকম। সেদিন সকাল থেকে সব বাড়ির ছাদে বাংলাদেশের পতাকা পতপত করে উড়ছে। লোকজন রাস্তাঘাটে হৈ-হুল্লোড় করছে, হাসি-ঠাট্টা, গান-বাজনা চলছে, রেডিও বাজছে একভাবে, গ্রাম-গঞ্জ থেকে মানুষজন আসতে শুরু করেছে। টোটন ভাইয়ার মতন সব মুক্তিযোদ্ধারা হাতে বন্দুক নিয়ে কাঁধে স্টেনগান ঝুলিয়ে আকাশের দিকে গুলি ছুড়তে-ছুড়তে বাড়ি ফিরে আসছে।
ছানা ও মুক্তিযুদ্ধ একখানি চমত্কার বই। মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা জানার ক্ষেত্রে এটি ছোটদের জন্য সহায়ক হবে। উপন্যাস হলেও বইটির চরিত্রগুলো একাত্তরের প্রামাণ্য ছবি। বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমী থেকে। এটির প্রচ্ছদ ও বইনকশা ফরিদা জামানের। মূল্য মাত্র কুড়ি টাকা। ছানা ও মুক্তিযুদ্ধ ছোটবড়ো সকলের কাছে আদৃত হবে।
খালেক বিন জয়েনউদদীন
