অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ প্রধান ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর ড. এম আবুল হোসেন সিকদার। প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইন থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছিল, আমাদের সেই গর্বিত পুলিশ বাহিনীর উপর প্রকাশ্যে হামলা চালানো হচ্ছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি মুক্তিযুদ্ধ করে স্বাধীন দেশ দিয়েছি। আপনারা পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সুফল, ‘স্বাধীন দেশ’ রক্ষায় অগ্রণী ভূমিকা ও চেতনায় উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ সদস্য এবং রিসার্চ এন্ড একাডেমিক এ্যাফেয়ার্সের এ্যাডভাইজার এম শাহীন খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. তাহেরুল ইসলাম পাটোয়ারী, ফিনান্স এন্ড স্টুডেন্ট এ্যাফেয়ার্স-এর পরিচালক মোহাম্মদ সৈয়দ হেমায়েত হোসেন, বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য ও পরিচালক মোঃ জোনায়েত আহমেদ, এক্সটার্নাল এ্যাফেয়ার্স-এর পরিচালক গোলাম সরোয়ার কবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কোষাধ্যক্ষ ড. রফিকউদ্দিন আহমেদ, প্রধান হিসাব কর্মকর্তা জামালউদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রিন্সিপাল (অবঃ) ফরিদ উদ্দিন আহমেদ।
---
প্রাইম ইউনিভার্সিটি
মহান বিজয় দিবস উপলক্ষে প্রাইম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকার উদ্যোগে বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যবৃন্দের একটি বর্ণাঢ্য ‘বিজয় র্যালী’ বের করা হয়।
---
এশিয়ান ইউনিভার্সিটি অব
বাংলাদেশ
স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই প্রজন্মকে সাথে নিয়ে পুরো জাতি মহান বিজয় দিবস উদ্যাপন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরদিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়েশা মিলনায়তনে ‘সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও বিজয় দিবসের তাত্পর্য’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এর আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সেই সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীন দেশ পেয়েছি, পেয়েছি লাল-সবুজের পতাকা। আমরা স্বাধীনতার স্বাদ পাই, মুখ ফুটে বলতে পারি আমরা বাংলাদেশি। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে আমাদের ঐ একটি ত্যাগের ইতিহাসই যথেষ্ট। ঐ একটি ৭১ই আমাদেরকে সামনে নিতে উত্সাহ যোগায়। তিনি বর্তমান সরকারের হাতে নেয়া ডিজিটাল প্রযুুক্তির সার্বজনীন ব্যবহারের উপর সবাইকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব মো: কুদ্দুস খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধাগণ, ট্রেজারার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তির সমন্বয়ে অনুষ্ঠানটি সাজিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ ইমতিয়াজ।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের ৪১তম বিজয় দিবস আনন্দ উত্সবমুখর পরিবেশে পালিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আসলাম ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. তপন কুমার চক্রবর্তী, ভারপ্রাপ্ত উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসা বিভাগের প্রধান ড. মুহম্মদ মাহবুব আলী। অধ্যাপক ড. মোঃ আসলাম ভূঁইয়া বলেন, সমাজ গঠনে মুক্তিযোদ্ধাদের আদর্শ নিয়ে দেশ গঠনের তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের শিক্ষকগণ মধ্যে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রধান শিবলী আহমেদ খান, উপ-পরিচালক (ভর্তি ও প্রশাসন) ইয়াসিন বারী, সহকারী অধ্যাপক মোজাক্কেরুল হুদা, তামিমা হোসেন, প্রভাষক মোঃ জামাল হোসেন, প্রভাষক হাসিনা মরিয়ম। বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্র, গান, নৃত্য ও নাটিকা প্রদর্শিত হয়।
