চুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ১৮:৩১
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স সম্প্রতি সম্পন্ন হয়েছে। পুরকৌশল বিভাগ আয়োজিত তিনদিনব্যাপী এই কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এম. সফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. এম. সফিউল্লাহ বলেন, বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের দ্বারা প্রায় সব বড় বড় উন্নয়ন সাধিত হচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, সিভিল ইঞ্জিনিয়াররা এখনো নেতৃত্বের ভূমিকায় আসতে পারছেন না, পলিসি মেকিংয়েও তারা সম্পৃক্ত নন তেমন। নিজেদের আত্মবিশ্বাসী হয়ে, তথ্যে-জ্ঞানে সমৃদ্ধ হয়ে সিভিল ইঞ্জিনিয়ারদের নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য তিনি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিভিন্ন জাতীয় পুরস্কারে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূষিত করার জন্য সরকারের নীতি-নির্ধারকদের প্রতি অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক অগ্রগতি হয়েছে। টেকসই নির্মাণ ও পরিবেশবান্ধব গ্রিন টেকনোলজির ব্যবহার গুরুত্ব পাচ্ছে। তিনি চুয়েটকে ‘Centre of Excellence’ হিসেবে গড়ার ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক সেমিনার কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং কনফারেন্স সংশ্লিষ্ট সকলের প্রতি সফলতার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স চেয়ারম্যান ও পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো: হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সচিব ও পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।