শহুরে পরিবেশে বড় হওয়া মানুষেরাই যেখানে চারদেয়ালের মাঝে হাঁপিয়ে ওঠেন সেখানে বনের প্রাণীদের কথা তো বলাই বাহুল্য। আর তাই দিনের পর দিন ধরে চিড়িয়াখানার চার দেয়াল কিংবা খাঁচার মাঝে বন্দী থাকা প্রাণীদের একটু দৌড়ানোর সুযোগ করে নিতেই সম্প্রতি ভিন্ন ধরনের এক উদ্যোগ নেয় আমেরিকার হুস্টন জু কর্তৃপক্ষ। এ উদ্যোগের অংশ হিসেবে সব প্রাণীর জন্য খোলা হাওয়ার ব্যবস্থা করতে না পারলেও চিড়িয়াখানায় বন্দী সময় কাটানো দুটি চিতার জন্য মুক্তভাবে দৌড়ানোর আয়োজন করে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে এই চিড়িয়াখানাটি। কর্তৃপক্ষ জানান, বিশ্বের দ্রুততম প্রাণীদের অন্যতম হিসেবে স্বীকৃত চিতাবাঘের মেটাবলিক কম্পাউন্ড বার্ন করার জন্যই এদের পূর্ণ গতিতে দৌড়ানোর সুযোগ থাকতে হয়। কিন্তু হুস্টন জুয়ের থাকে দুটি চিতার জন্য যে পরিমাণ জায়গা বরাদ্দ করা আছে সেখানে কোনো ক্রমেই চিতাগুলোর পক্ষে ৬৫ মাইল প্রতি ঘণ্টা বেগে দৌড়ানোর সুযোগ করে দেওয়া সম্ভব নয়। আর এ জন্যই চিড়িয়াখানার অধিবাসী দুই চিতার জন্য রীতিমতো রেসের মাঠ ভাড়া করে দৌড়ানোর সুযোগ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে চিড়িয়াখানার অন্যতম কিউরেটর এবং স্তন্যপায়ী ও মাংসাশী প্রাণীদের দায়িত্বে থাকা বেথ শেফার বলেন, ‘চিতাগুলোর দৌড়ানোর জন্য প্রায় ৬০০ ফুট লম্বা জায়গার প্রয়োজন যেটা চিড়িয়াখানার মধ্যে কখনোই ছিল না। এ কারণে পাঁচ বছর বয়সী চিতা দুইটির জন্য আমরা চিড়িয়াখানার কাছে থাকা এই মাঠটিকেই বেছে নিয়েছিলাম। যদিও আমরা জানতাম যে, আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সামান্য ভুল হলেও চিতাগুলো অন্যদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে সেদিন চিতাগুলো ছিল খুবই শান্ত এবং তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন এর আগেও বহুবার এই মাঠে দৌড়ে বেরিয়েছে। সত্যিকার অর্থেই খোলা জায়গাটা তাদের দারুণ পছন্দ ছিল।’ এদিকে প্রথম এই উদ্যোগের সাফল্যের পর ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ নেবার কথা জানিয়েছে উদাহরণ সৃষ্টি করা এই চিড়িয়াখানার কর্তৃপক্ষ।
