জ্বলে উঠলো আর্সেনাল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:১৭
মৌসুমের শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি কিংবা চেলসি যে ধরনের দাপটের সাথে খেলে যাচ্ছে সে ধরনের ফুটবল উপহার দিতে পারছিলো না আর্সেনাল। তবে, এবার জ্বলে উঠলো গানাররা; আর তাদের আগুনে পুড়ে ছাই হলো পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল রিডিং রয়্যালস। গত সোমবার স্যান্টি ক্যারজোলার হ্যাটট্রিকে অ্যাওয়ে ম্যাচে রিডিংকে ৫-২ গোলে হারায় কোচ আর্সেন ওয়েঙ্গার। ১৪ মিনিটে আর্সেনালের হয়ে গোলের সূচনা করেন জার্মান তারকা লুকাস পোডলস্কি। এরপরই শুরু হয় ক্যারজোলার ঝলক। ৩২ এবং ৩৪ মিনিটে দুটি গোল করে প্রতিপক্ষ’র কাছ থেকে ম্যাচ বের করে আনেন এই স্প্যানিশ তারকা। প্রথমার্ধে ৩-২ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফেরা হয়নি নিজেদের মাঠে খেলতে নামা রিডিংয়ের। ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যারজোলা। এরপর ৬৬ মিনিটে অ্যাডাম ডি ফোন্দ্রে’র সৌজন্যে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। এর ঠিক পাঁচ মিনিট বাদে জিমি কেবের গোলে খেলায় উত্তেজনা ফিরিয়ে আনে রিডিং। তবে, ৮০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার থিও ওয়ালকটের গোলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। বিশাল ব্যাবধানে ম্যাচ জয়ের পর দলের খেলোয়াড়দের জন্য প্রশংসার কমতি করেননি কোচ আর্সেন ওয়েঙ্গার। সাংবাদিকদের তিনি বলেন, ‘মাঠে নামার আগেই আমরা লক্ষ্য ঠিক করে ফেলেছিলাম; আর তা হলো বড় ব্যবধানে ম্যাচ জয়। আমরা ভাগ্যবান যে আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী খেলতে পেরেছি।’ তিনি আরো বলেন, ‘ প্রথমে ৪-০ তে এগিয়ে যাওয়ার পর আমরা একটু হালকা মেজাজে খেলেছি। আর এই কারণেই আমাদের দুটি গোল হজম করতে হয়। তবে, শেষে আমরা আরো একটি গোল করি এবং ৫-২ গোলে জয় পাই। আমরা নিজেদের পরিকল্পনা অনুসারে খেলতে পেরেছি, আর এটাই এই ম্যাচ থেকে আমাদের সবচেয়ে বড় পাওয়া।’ এই জয়ে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে আর্সেনাল। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে রিডিংয়ের পয়েন্ট মাত্র নয়। ম্যাচ শেষে রিডিং কোচ ব্রায়ান ম্যাকড্যারমট বলেন, ‘প্রথমার্ধে আর্সেনাল অনেক ভালো ফুটবল খেলেছে। তাই, তাদের সাথে আমরা তাল মেলাতে ব্যর্থ হই। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলি এবং দুটো গোল পরিশোধ করি। কিন্তু, শেষ গোলে আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ি।’