মাঠের বাইরে যে পিটার সিডলকে নিয়ে বিতর্ক চলছে। কার্যত সেই পিটার সিডলের কাছেই সফরের প্রথম টেস্টে হেরে গেল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া সিডল দ্বিতীয় ইনিংসে নিলেন ৪ উইকেট; সঙ্গে মিচেল স্টার্ক নিলেন ৫ উইকেট। ফলে বিশাল রান তাড়া করতে গিয়ে হোবার্ট টেস্টে, গতকাল শেষ দিনে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হল লঙ্কানদের। ঘরের মাঠে চতুর্থ টেস্টে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। কুমার সাঙ্গাকারা ও থিলান সামারাবিরার সর্বোচ্চ প্রচেষ্টার পরও বক্সিং ডে টেস্টে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে অসিদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৩৯৩ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ২ উইকেট হারিয়ে শেষ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে তাদের জুটিতে ৬২ রান সংগ্রহ করে। এটিই সফরকারীদের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ জুটি। জয়াবর্ধনেকে ব্যক্তিগত ১৯ রানে মাঠ ছাড়া করেন সিডল। এরপর অসি পেসারের কাছে একে একে উইকেট বিলিয়ে দেন কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও থিলান সামারাবিরা। এর আগে ম্যাথিউসকে নিয়ে সামারাবিরা ৫০ রানের জুটিতে ড্রয়ের আভাস পেয়েছিল শ্রীলঙ্কা। সাঙ্গাকারা সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। সামারাবিরাও চেষ্টা কম করেননি কিন্তু ৪৯ রানে সিডলের এলবিডব্লিউ’র শিকার তিনি। সিডল পরবর্তীতে আর কোনো উইকেট না পেলেও এবার বল নিয়ে মিডল অর্ডার থেকে টেল এন্ডারদের মধ্যে ধস নামান স্টার্ক। শেষ ৫টি উইকেটই তিনি নিয়েছেন। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেয়া ডানহাতি পেসার দ্বিতীয় ইনিংসেও নেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই উঠেছে।
স ং ক্ষি প্ত স্কো র
অস্ট্রেলিয়া: ৪৫০ ও ২৭৮। শ্রীলঙ্কা: ৩৩৬ ও ১১৯ ওভারে অলআউট ২৫৫ (সাঙ্গাকারা ৬৩, সামারবীরা ৪৯; স্টার্ক ৫/৬৩, সিডল ৪/৫০)। ফল: অস্ট্রেলিয়া ১৩৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: পিটার সিডল (অস্ট্রেলিয়া)।
সিরিজ: অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।
