ভৈরবে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৫

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:১৪
বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় ভৈরবে ফুল দেয়ার সময় বিএনপির দু’গ্রুপের ধাক্কা ধাক্কির জের ধরে মঙ্গলবার দুপুরে ভৈরবে বঙ্গবন্ধু সরণী রোডে ভৈরব উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম সমর্থক ও পৌর প্যানেল মেয়র বিএনপি নেতা মোঃ আরিফুল ইসলাম সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতাসহ উভয় পক্ষে ৫ জন আহত হয়। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। এ সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয় দিবসে ভৈরব দুর্জয় স্মৃতিস্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল সভাপতি জোবায়ের আল মাহমুদ আফজালের সাথে বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলামের সমর্থকের ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় ২ দিন যাবত্ উভয় গ্রুপের সমর্থকরা দফায় দফায় মহড়া দেয় এবং রফিকুল ইসলাম সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে গতকাল দুপুরে ভৈরব পৌরসভা কার্যালয়ে পৌর প্যানেল মেয়র আরিফুল ইসলামকে না পেয়ে মহড়া দিয়ে চলে যায়। এরই জের ধরে উভয় গ্রুপের উত্তেজনার এক পর্যায়ে গতকাল দুপুরে প্যানেল মেয়র আরিফুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌরসভার দিকে আসার পথে বঙ্গবন্ধু সরণীর চাঁন মিয়া ফকিরের মাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।