রাজশাহী মহানগরীর ৬টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা আজ ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। হরতালের কারণে ১৯ ডিসেম্বরের পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টায় পূর্বের আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে শুক্রবাবের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া ২ দিন হরতালের কারণে অনেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারেননি অথচ কর্তৃপক্ষ সময় বাড়ায়নি। ভর্তি কমিটি সূত্র জানায়, মহানগরীর ৬টি সরকারি স্কুলের ৯৮৫ আসনের বিপরীতে ৭ হাজার ৬২২টি আবেদন জমা হয়েছে। ফলে প্রতি আসনের জন্য ভর্তিচ্ছু প্রায় ৮ জন। একমাত্র সরকারি মাদ্রাসার প্রথম শ্রেণীর ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৮৭টি। তৃতীয় শ্রেণীর ৪৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৪৬১টি। এর মধ্যে ছাত্রদের ২৭০ আসনের বিপরীতে ১ হাজার ৯৬৬টি এবং ছাত্রীদের ১৮০ আসনের বিপরীতে ১ হাজার ৪৯৫টি। তৃতীয় শ্রেণীতে ল্যাবরেটরী স্কুলে একশ’, কলেজিয়েট স্কুলে ১৮০, শিরোইল স্কুলে ৭০, সরকারি মাদ্রাসায় ২০, পিএন স্কুলে ১৮০টি আসন শূন্য রয়েছে।
সরকারি গার্লস স্কুলের তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না। এদিকে ৬ষ্ঠ শ্রেণীর ৩৭০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৫২৮টি। এর মধ্যে ছাত্রদের ১৯০ আসনে ১ হাজার ২৯৭টি এবং ছাত্রীদের ১৮০ আসনে ১ হাজার ২৩১টি। ৬ষ্ঠ শ্রেণীতে ল্যাবরেটরী স্কুলে ১০, কলেজিয়েট স্কুলে ৩০, শিরোইল স্কুলে ১৩০, সরকারি মাদ্রাসায় ২০, পিএন স্কুলে ৩০ এবং সরকারি গার্লস স্কুলে ১৫০টি আসন শূন্য রয়েছে। অন্যদিকে নবম শ্রেণীর ১২৫টি আসনের বিপরীতে ৭৪৬টি আবেদন পড়েছে। এর মধ্যে ছাত্রদের ৭০ আসনে ৪২৩টি এবং ছাত্রীদের ৫৫টি আসনে ৩২৩টি। নবম শ্রেণীতে ল্যাবরেটরী স্কুলে ৫, কলেজিয়েট স্কুলে ২০, শিরোইল স্কুলে ২০, সরকারি মাদ্রাসায় ২৫, পিএন স্কুলে ৪০ এবং সরকারি গার্লস স্কুলে ১৫টি আসন শূন্য রয়েছে। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে এবং নবম শ্রেণীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার মেধা তালিকা অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।
