মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় খাগড়াছড়িতে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন-এর উদ্যোগে স্থানীয় ষ্টেডিয়ামে এ বিশাল বিজয় কনসার্টের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন ব্যান্ড দল জেম্স নগর বাউল, স্থানীয় শিল্পী সংগঠন হিল ষ্টার মিউজিক্যাল গ্রুপ, চ্যানেল আই-এর ক্ষুদে গানরাজ পায়েল ত্রিপুরা ও স্থানীয় ব্যান্ড দল হারবেষ্ট, শিল্পী আরিফ এবং মুন। বিজয় কনসার্টকে ঘিরে জেলা শহর গত সোমবার উত্সবের নগরীতে পরিণত হয়। জেলার বিভিন্ন অঞ্চলের পাহাড়ি-বাঙ্গালির আগমনে সৃষ্টি হয় মিলন মেলা।
বিজয় কনসার্ট অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মামুন অর রশিদ পিএসসি।
