শহীদ মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ আন্তর্জাতিক রেটিং দাবার সপ্তম রাউন্ডের খেলা শেষে দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান অক্ষণ্ন রেখেছেন। ছয় পয়েন্ট করে নিয়ে মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, একসেস গ্রুপের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, তিতাস ক্লাবের ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়া, বিমানের মাহতাবউদ্দিন আহমেদ রবীন এবং ফায়ার-সার্ভিসের মাছুম হোসেন। একসেস গ্রুপের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এবং প্রিতম-প্রিজম চেস ক্লাবের সোহেল চৌধুরী সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সপ্তম রাউন্ডের খেলায় রাকীব সাগরের সাথে এবং নাসির শাকিলের সাথে ড্র করেন। জিয়া মনির হোসেনকে, আমিন শফিক আহমেদকে, রবীন উতেনকে, মোস্তফা আলিমুল হক কাজলকে, মাছুম মোহাম্মদ এনায়েত হোসেনকে, সোহেল ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে এবং পরাগ সাইফুল ইসলাম চৌধুরীকে হারিয়েছেন। অষ্টম রাউন্ডের খেলা আজ বেলা তিনটা হতে শুরু হবে।
