ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত, গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪০
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণখানে এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর স্বামী পলাতক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তেজকুনী পাড়ায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তাহেদুল হক তৌহিদ আহত হন। ঐ এলাকার দোকানদার হানিফ জানান, তৌহিদ রেললাইনের পাশ ঘেঁষে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। তৌহিদ ফার্মগেটের আইডিয়াল কমার্স কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ২ টার দিকে তার মৃত্যু হয়। তৌহিদ ১৭৮, তেজকুনীপাড়ার বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। অন্যদিকে রাজধানীর দক্ষিণখানে ফায়দাবাদের টিআইপি কলো?নির একটি ভবনের ৪র্থ তলার ফ্ল্যাট থেকে সোমবার রাতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মিনা (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা মিনাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।