ঘন কুয়াশা, শীতের তীব্রতা বেড়েছে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৫
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় হঠাত্ করেই সারা দেশে শীতের তীব্রতা বেড়ে গেছে। তবে দেশের কোথায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে না। অর্থাত্ তাপমাত্রা সবখানেই ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে আছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইশ্বরদিতে ১১ দশমিক ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সূর্য রশ্মি ভূ-পৃষ্ঠে পৌঁছাতে না পারায় দিনে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে উঠছে না। ফলে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে মানুষ বেশি শীত অনুভব করছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাত্ দিন ও রাতের ব্যবধান ছিল প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত এই ব্যবধানটা ১০ থেকে ১২ ডিগ্রি পর্যন্ত উঠানামা করে। উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মানুষের শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চলছে কুয়াশার দাপট। আজ রাজশাহী, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের নদী অববাহিকায় ঘন কুয়াশার পূর্বাভাস দেয়া হয়েছে। দৃষ্টিসীমা ৫০ মিটারের মধ্যে নেমে আসতে পারে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কুয়াশা প্রভাবে সড়কপথেও যানবাহন চলাচলে সমস্যা হতে পারে।