মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ৬ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল ফের শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে সোমবার রাত আড়াইটা থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে ৩ হাজার যাত্রীসহ ৮টি ফেরি। কনকনে শীতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান- কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি সার্ভিস চালু হয়েছে। এ সময় উভয় ঘাটে নাইটকোচসহ পারাপারের অপেক্ষায় ছিল প্রায় ৩০০ যান।
কুয়াশার কারণে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ১১টি লঞ্চসহ শতাধিক নৌ যান আটকা পড়ে। তবে কুয়াশা কেটে যাওয়ার পর চলাচল স্বাভাবিক। গত ৯ দিন ধরে রাতে ঘন কুয়াশার কারণে কোন কোন দিন ৬ থেকে ১৩ ঘন্টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার পণ্যবাহী যানবাহন এবং বাস ও নৈশকোচের যাত্রীরা পড়ে চরম ভোগান্তিতে।
উল্লেখ্য, ঘন কুয়াশায় গত ৮ অক্টোবর রাত ১টার দিকে পদ্মা নদীতে আটকা পড়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের গাড়িবহর। ৯ ঘন্টারও বেশি সময় আটকে থাকার পর নৌ-মন্ত্রীকে বহনকারী ফেরিটি সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া ঘাটে পৌঁছায়। ১০ অক্টোবর খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে রাত ৯টায় কাওড়াকান্দি ঘাটে এসে আটকা পড়েন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। পদ্মা পার হতে না পেরে তিনি ফিরে যান। ওইদিন তিন শতাধিক যাত্রী নিয়ে দু’টি লঞ্চও পথ হারিয়ে রাত ৯টা থেকে পরের দিন সাড়ে ১০টা পর্যন্ত পদ্মায় ঘুরপাক খেতে থাকে।
এদিকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত দুই দফায় প্রায় আট ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় উভয় পাড়ে আটকা পড়ে কয়েকশ পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ঘন কুয়াশা পড়তে থাকলে রাত বারোটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দৌলতদিয়া ঘাটে শাহ জালাল, এনায়েতপুরী, শাহ পরান, ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও পাটুরিয়া ঘাটে কে-টাইপ ফেরি কাবেরী ও কপোতি এবং মাঝ নদীতে আরো তিনটি ফেরি আটকা পড়ে। ফলে যাত্রী ও চালকদের শীত ও কুয়াশার মধ্যে দুর্ভোগে পড়তে হয়। ভোর ৬টার দিকে কুয়াশা কিছুটা কমলে ফেরি ছাড়তে গিয়ে একটি ফেরি মাঝ নদীতে আটকে পড়লে আর কোন ফেরি ছাড়েনি। পরে সকাল আটটার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, গড়ে প্রায় সাড়ে সাত ঘন্টার উপর ফেরি বন্ধ ছিল।
