পাকিস্তানে ৬ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৮
পাকিস্তানের করাচির তিনটি এলাকায় গত দুইদিনে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে ৬ পোলিও টিকাদান কর্মী। এদের পাঁচজনই নারী। এ ঘটনার পর করাচি থেকে পোলিও নির্মূল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের। নিহতরা পাকিস্তানে জাতিসংঘ-পরিচালিত পোলিও নির্মূল কর্মসূচিতে নিয়োজিত ছিল। পাকিস্তানে পোলিওর প্রকোপ রয়েছে। সেকারণে দেশ থেকে পোলিও নির্মূলে জাতিসংঘের সহায়তায় চলছে এ টিকাদান কর্মসূচি। গতকাল মঙ্গলবার ২০ মিনিটের ব্যবধানে করাচিতে পরপর তিনটি হামলা চালানো হয়। এতে ৫ টিকাদান কর্মী নিহত হয়। আগের দিন সোমবার এক পুরুষকর্মীকে করাচিতে গুলি করে হত্যা করা হয়। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের উপকণ্ঠে একদল নারী স্বাস্থ্যকর্মীর ওপর বন্দুকধারীরা গুলি চালালে এক কিশোরী আহত হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে তালেবানরা বরাবরই পোলিও টিকাদান কর্মসূচির বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে এবং করাচির বেশ কয়েকটি এলাকায় তারা সক্রিয়। পাকিস্তানের কিছু কিছু অংশে, বিশেষত ২০১১ সালে সিআইএ’র ছদ্ম টিকাদান কর্মসূচির মাধ্যমে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার ঘটনার পর থেকে তলেবানরা এ ধরনের কর্মসূচির বিরোধিতা করে আসছে।