তালেবান সদস্যদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল জাতিসংঘ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৮
আফগানিস্তানে তালেবান শাসনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেও শান্তিপ্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য কালোতালিকাভুক্ত অনেক ব্যক্তির ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। এর ফলে তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। এই পদক্ষেপের কারণে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ও পুনর্গঠন কার্যক্রম দ্রুততর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার সমন্বয়কারী উচ্চপর্যায়ের কাউন্সিলের কাছে আলোচনায় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকা চাওয়া হবে। কাউন্সিলের সরবরাহকৃত তালিকায় থাকা ব্যক্তিদের নির্দিষ্ট সময়ে শান্তি আলোচনায় অংশগ্রহণের উদ্দেশ্যে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এসব ব্যক্তির পাসপোর্ট ও ভ্রমণ বিষয়ক কাগজপত্র অনুমোদনের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণ করতে পারবেন তারা। তবে অনুমোদনের নয় মাসের মধ্যে ভ্রমণ সম্পন্ন করতে হবে। এ সপ্তাহে ফ্রান্সে আফগান সরকার, তালেবান প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ফরাসি সরকার। ইতোমধ্যে আফগান পুলিশ ও সেনাবাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আফগানিস্তান ছাড়তে শুরু করেছে ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের সেনারা। ২০১৪ সালের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আল-কায়েদা নেটওয়ার্কের প্রধান ওসামা বিন লাদেনসহ অন্যান্য জঙ্গিদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোবাহিনী আফগানিস্তানের তালেবান সরকার হটিয়ে দেয়। এরপর তালেবান বাহিনীর ১৩২ ব্যক্তি ও চারটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।