সিপিবি-বাসদের বিক্ষোভ সমাবেশ ২৮ ডিসেম্বর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:১০
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল মঙ্গলবার সারা দেশে হরতাল পালনের পর পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ কর্মসূচি ঘোষণাকালে বলেন, ‘এছাড়া আগামী ৩ থেকে ৭ জানুয়ারি দেশব্যাপী জাগরণ অভিযান পরিচালনা করা হবে। এর অংশ হিসাবে দলীয় নেতাকর্মীরা পাঁচটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন জেলায় ২৬টি জনসভা, ৫১টি সমাবেশ এবং পথসভা করবে।’ মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘হরতালকে কেন্দ্র করে সারাদেশে পুলিশ-র্যাব তাদের ২০ কর্মীকে আটক করেছে। এছাড়া যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় ১৫ জন আহত হয়েছেন। ২৮ ডিসেম্বরের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’ এদিকে বরিশাল, মাগুরা, নেত্রকোনা, গাজীপুর, আশুলিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, যশোর ও বরগুনা জেলায় হরতালকারীদের ওপর ‘সরকারদলীয় কর্মীরা’ হামলা করে বলে সাংবাদিকদের জানান বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। উল্লেখ্য, জামায়াতসহ সব সামপ্রদায়িক রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ সাতটি দাবিতে সিপিবি ও বাসদ সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করে। প্রায় একই দাবিতে হরতাল করে গণতান্ত্রিক বাম মোর্চাও।