জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার অপর আসামি জসিম উদ্দিনেরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল মঙ্গলবার শুনানিশেষে এ আদেশ দেয়া হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ‘আসামিরা রাষ্ট্রের বিরুদ্ধে কতিপয় অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, রাষ্ট্রের নিন্দা করা, রাষ্ট্রের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা অবনতিসহ জাতিগত বিভেদ সৃষ্টি ও দাংগা বাধানোর উস্কানি দেওয়া, সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর আক্রমণ এবং হত্যা, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় অকার্যকর করাসহ দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছেন।
সোমবার ভোর ৫টায় রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাসনিম আলমকে গেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১।
এদিকে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তারেক মইনুল ইসলাম জামায়াতের মহিলা শাখার কর্মপরিষদ সদস্য ও ছাত্রী সংস্থার উপদেষ্টা সানোয়ারা জাহানসহ ২০ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এদের মধ্যে হবিবা নাসিরিন কান্তা পাঁচ মাসের অন্তঃসত্ত্ব্বা বিবেচনায় তার রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
সোমবার বিকালে তাদের মহানগর গোয়েন্দা পুলিশ ও রমনা থানা পুলিশের পৃথক দুটি দল বড় মগবাজারের জামায়াত অফিস-সংলগ্ন ছাত্রী সংস্থার অফিসে অভিযান চালিয়ে আটক করেছে। গ্রেপ্তারকৃত সানোয়ারা জাহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বর্তমানে কারাগারে থাকা আবদুল কাদের মোল্লার স্ত্রী।
