গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাচিরচর নামক স্থানে ব্রহ্মপুত্র নদে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ১ লাখ ৯৩ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিলে ডাকাতরা ব্যাংক কর্মকর্তা ও শিক্ষকদের এলোপাতাড়ি মারপিট করে। এই ঘটনায় তিনজন আহত হন। এদের মধ্যে এক শিক্ষককে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, কর্মকর্তা কমরেড খান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ ১৩/১৪ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে বালাসীঘাট থেকে নৌকা নিয়ে চিথুলিয়া দিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির ১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা বিতরণের কথা ছিল। নৌকাটি দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার কাচিরচর এলাকা অতিক্রম করার সময় পিছন থেকে অপর একটি নৌকা থেকে ১০-১২ জনের একদল মুখোশ পরা ডাকাত তাদের ঘিরে ফেলে। তারা রিভলবারসহ দেশীয় অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে টাকার ব্যাগ, অন্য যাত্রীদের মোবাইল ফোন ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ফিরে যাবার সময় ডাকাতরা নৌকায় থাকা মোল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
