কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর অবৈধ হাট-বাজার স্থাপন করে টু পাইস ইনকাম চলছে। ফলে এসব স্থানে তীব্র যানজটে নাকাল পথচারীরা।
সরেজমিন উখিয়া-টেকনাফ সড়কের থাইংখালী স্টেশন ঘুরে দেখা যায়, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপদের জায়গা অবৈধ দখল করে অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করে দিয়েছে। তাছাড়াও সড়কের উপর হাট-বাজার বসিয়ে সেখান থেকে টোল আদায় করছে। স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সড়কের উপর প্রতিনিয়ত সকাল-সন্ধ্যা জমজমাট হাট-বাজার বসিয়ে অবাধে বেচা-কেনা চালানোর ফলে অনেক সময় দূরপাল্লার যানবাহনগুলো এখানে আটকা পড়ে যায়। যানবাহন শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে অসংখ্যবার হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটছে। জানা গেছে, কক্সবাজার-টেকনাফ ৭৯ কিলোমিটার সড়কের লিংরোড, পানের ছড়া, মরিচ্যা, কোটবাজার, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী পান বাজার, থাইংখালী, পালংখালী, টেকনাফের হোয়াইক্যং, মৌলভীবাজার, কানজর পাড়া, মধ্যম হ্নিলা, হ্নিলা, দমদমিয়া, বন্দর ও টেকনাফ সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিনিয়ত সকাল-সন্ধ্যা হাট-বাজার বসছে।
