মির্জাপুরে জ্বর ও ডায়রিয়ার প্রকোপ

হাসপাতালে শিশু হয়রানি চরমে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:১৫
মির্জাপুর উপজেলার ঘরে ঘরে শিশুদের মধ্যে সর্দি, জ্বর, ঠান্ডা ও ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড কুয়াশা ও ঠান্ডা পড়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। রোগীর সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে। মঙ্গলবার মির্জাপুর উপজেলার জামুর্কি সরকারি হাসপাতাল এবং কুমুদিনী হাসপাতালে গিয়ে দেখা গেছে চিকিত্সা নিতে আসা শিশুদের ব্যাপক ভিড়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, হঠাত্ করে আবহাওয়ার পরিবর্তন এবং ভাইরাসজনিত কারণে শিশুদের মধ্যে সর্দি, জ্বর, ঠান্ডা ও ডায়রিয়ার প্রকোপ ব্যাপক হারে বেড়ে গেছে। মির্জাপুর উপজেলা চৌহাত্তর গ্রামের আবেদ আলী সিকদার (৪৫) তার ৩ মাসের শিশুকন্যা সুমাইয়াকে নিয়ে এসেছিলেন হাসপাতালে। কিন্তু হাসপাতালে বেড না থাকায় চিকিত্সকরা তাকে ভর্তি না করে বাড়ি পাঠিয়ে দেয়। এ রকম অভিযোগ অনেক রোগীর।