জিরা চাষ হচ্ছে নান্দাইলে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২০
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর নদীরপাড় এলাকার আবুল কালাম আজাদ মিলন নামে এক কৃষক জিরা মসলার চাষ শুরু করেছেন। এদেশের তিনি দ্বিতীয় ব্যক্তি যে জিরার চাষ করছেন বলে জানান। সাধারণত জিরা মসলা বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করা হয়। দেশে জিরার চাষ নেই। কৃষক মিলন শখের বশে বিদেশ থেকে জিরা বীজ সংগ্রহ করে স্থানীয় কৃষি অফিসের তত্ত্বাবধানে এক একর জমিতে আবাদ শুরু করছেন। কৃষক আবুল কালাম আজাদ মিলন জানান, গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ভারত থেকে ২ কেজি জিরা বীজ ১৬ হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করেন। নান্দাইল উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে পরামর্শ নিয়ে ১০ নভেম্বর ওই বীজ এক একর জমিতে রোপণ করেন। বর্তমানে জিরা বীজের চারা গজিয়েছে । তার এই জিরা চাষের খবর আশপাশে ছড়িয়ে পড়ায় অনেকে জমি এসে দেখছেন। মিলন আরও জানান, শখের বশে এই জিরা চাষ করলেও এটি অর্থকরী একটি মসলা। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিলকিস আক্তার জানান, কৃষক জিরা চাষে যেমন আগ্রহ নিয়ে কাজ করছেন আমরাও ব্যতিক্রমী মসলা চাষ করায় তাকে মাঠ পর্যায়ে সহযোগিতা করছি। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, এ বীজ আমাদের দেশে কোন চাষি আবাদ করেন না। এ বিষয়ে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ আবুল হাসেম জানান, আমাদের দেশের মাটিও জিরা চাষের উপযোগী। কৃষক মিলনের এ উদ্যোগ সফল হলে জিরা জাতীয় মসলা চাষের নতুন দিগন্ত উন্মেচিত হবে।