মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগ কমিটি গঠন নিয়ে পক্ষপাতিত্বে অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি এইচএম আরিফুজ্জামান শামীমের একক স্বাক্ষরে ফেরদৌস হাসান পিয়াসকে সভাপতি ও মেহেদী হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। অভিযোগে প্রকাশ, ঘোষিত কমিটির সভাপতি হাসান পিয়াস একজন অছাত্র, সুন্দরীকাঠ ব্যবসায়ী এবং একাধিক বন আইন মামলার আসামি। ছাত্রলীগ কাউন্সিলের তিনদিন আগে ছাত্রলীগে যোগদান করা ফেরদৌস হাসান পিয়াস এসএসসি পরীক্ষায় নিজে অংশগ্রহণ না করে প্রক্সির মাধ্যমে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন। যার কারণে প্রক্সি দেয়া ছাত্রের দুটি সনদ বাতিল করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন হোসেন, মেহেদী হাসান শিমুল ও তানভীর আহমেদ শাহীন অভিযোগে আরো জানান, উপজেলা ছাত্রলীগ সভাপতি এইচএম আরিফুজ্জামান শামীম ও ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা মোটা অংকের অর্থ নিয়ে কাউন্সিল অধিবেশনের তিনদিন পর কমিটি ঘোষণা দেন। কাউন্সিল অধিবেশনে বাগেরহাট-৪ আসনের এমপি ডা.মোজাম্মেল হোসেনসহ জেলা ছাত্রলীগ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও তাদের সাথে এ নিয়ে কোন আলোচনা করা হয়নি।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিমি জানান, ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে এ ধরনের কোন অভিযোগ উঠলে তাকে কমিটি থেকে বাদ দেয়া হবে। উপজেলা ছাত্রলীগ সভাপতি এইচএম আরিফুজ্জামান শামীম তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
