জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল রবিবার নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের জেলাগুলোতে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে গতকাল নগরীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল আতিক বিন কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যথিকা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোসাম্মত্ রহিমা আক্তার, জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট (জেল সুপার) সুবাস চন্দ্র ঘোষ, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহসীন মিয়া প্রমুখ।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আইনের আশ্রয় লাভের অধিকার সকলেরই রয়েছে। কিন্তু বাস্তবে দুস্থ, অসচ্ছল, গরিব ও নিঃস্বরা বিচার পায় কিনা জানি না। মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে দেওয়ানী মামলা কোর্টে আসার ২০ থেকে ৩০ বছরে নিষ্পত্তি হয়। বিচারপ্রার্থীদেরকে নিদারুণ কষ্টের শিকার হতে হয়। বিচার প্রার্থীদের সহজে বিচার পাওয়ার জন্য লিগ্যাল এইড করা হয়েছে। কিন্তু এটা সম্পর্কে অনেকেই জানে না। তিনি আরো বলেন, দেশের প্রায় ৯০ ভাগ লোক জানে না সরকার বিনা পয়সায় আইনি সহায়তা দিয়ে থাকে। তাদের কী করে লিগ্যাল এইডের কাছে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করতে হবে।
গাজীপুর প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে গাজীপুরে রবিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দিবসের তাত্পর্য সম্পর্কে আলোচনা সভা, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
শহরের রাজবাড়ি ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ড. এ.কে.এম আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইকবাল হোসেন সবুজ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, আকবর হোসেন খান পাঠান এমপি, বেগম সামসুন্নাহার এমপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইন সহায়তা দান’— এই ব্যানারে গতকাল মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকালে মানিকগঞ্জ জজকোর্টের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুলিশ সুুপার রিফাত রহমান শামিম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, বার কাউন্সিলের সভাপতি আব্দুল মজিদ ফটোসহ সকল আইনজীবী। দিবসটি উপলক্ষে কোর্ট প্রাঙ্গণে বসে আইন সহায়তা বিষয়ক মেলা। এতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন বিচারক ও বিভিন্ন এনজিওর মোট ১২টি স্টল খোলা হয়।
