ধামরাইয়ে ২৮ দিনে ২৮টি মাদক মামলা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩০

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় গত ২৮ দিনে ২৮টি মামলা হয়েছে ঢাকার ধামরাই থানায়। এসব মামলায় গ্রেফতার হয়েছে ৩৯ জন। মাদক ক্রেতা, বিক্রেতা, সেবনকারীসহ মাদকদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন ধামরাই থানা পুলিশ। এর মধ্যে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে বলে জানা যায়। বিগত কয়েক মাস ধরে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই, ধামরাই স্কাউটসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বিশেষ করে মায়েদের নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সমাবেশ, আলোচনা সভা ও মতবিনিময় করে আসছিল ধামরাই থানা পুুলিশ। ফলশ্রুতিতে গণমানুষের মাঝে সচেতনতা বেড়েছে এবং অপরাধীরা ধরা পড়ছে বলে মনে করছেন অনেকে।

গতকাল রবিবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ইত্তেফাককে জানান, ধামরাইকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, সমাজে সংঘটিত অপরাধের শতকরা ৮০ ভাগের সঙ্গে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। কাজেই অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনের পূর্বশর্ত হচ্ছে সমাজকে মাদক মুক্ত করা। জনতার সহযোগিতায় পুলিশ সেই লক্ষ্য অর্জনের জন্যই কাজ করে যাচ্ছে।