হোটেল মালিকদের আন্দোলন স্থগিত

কক্সবাজারে দূরপাল্লার গাড়ি প্রবেশের অনুমতি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৪
পর্যটকদের ভোগান্তি নিরসনে শহরের হলিডে মোড় পর্যন্ত দূরপাল্লার গাড়ি প্রবেশের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। সোমবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তে হোটেল মালিকরা তাদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয় যে, পর্যটকদের সুবিধার্থে দূরপাল্লার বাসসমূহকে শহরের হলিডে মোড় পর্যন্ত যাত্রী নামিয়ে দেয়ার সুযোগ দেয়া হবে। তবে জেলা অভ্যন্তরে চলাচলকারী স্বল্পপাল্লার বাসসমূহ আগের মতোই বাস টার্মিনাল পর্যন্ত যাত্রী পরিবহনের সুযোগ পাবে। বিভিন্ন হোটেল মালিক, রাজনৈতিক দল ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ফলে ১০ দফা দাবিতে আন্দোলনরত হোটেল মালিকরা তাদের আন্দোলন কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছে। সোমবার রাতে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, মালিক সমিতির ১০ দফা পূরণের জন্য এই সময় দেয়া হয়েছে।