কসবায় বিএনপির সভাপতি ও পৌর মেয়রের বাড়ী ভাংচুর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছের বাসভবনে হামলা ও ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। উপজেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিনকে প্রধান আসামী করে দ্রুত বিচার আইনে থানায় মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১০টার পর উপজেলা সদরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ জানান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মুশফিকুর রহমান ও তার অনুসারীরা নিজেদের মত ছাত্রদল ও যুবদলের কমিটি করেন। আমি চাই স্থানীয় পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে। এ নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে। এর জের ধরেই সোমবার রাত ১০টার পর উপজেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিনের নেতৃত্বে ৪০/৫০জন সন্ত্রাসী আমার বাড়ীতে হামলা করে ভাংচুর চালায়। পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া করে। তবে কামালের পরিবার ইলিয়াছের বিরুদ্ধে তাদের একটি দোকান ভাংচুরের অভিযোগ করেছে। হামলার পর কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল আলম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পৌর মেয়র ইলিয়াস বাদী হয়ে ছাত্রদল আহবায়ক কামাল উদ্দিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ে করেন। এলাকাবাসী জানায়, সাবেক এমপি মুশফিকুর রহমানের সাথে ইলিয়াসের বিরোধ দীর্ঘদিনের। ৪ দলীয় জোট সরকারের সময় ইলিয়াসের বিরুদ্ধে বেশ কয়েকটি বানোয়াট মামলা দিয়ে ইলিয়াসকে হয়রানি ও নাজেহাল করেন তখনকার এমপি মুশফিক। সাম্প্রতিক সময় ও বিগত পৌর নির্বাচনের সময় তাদের মধ্যে সমঝোতা হলেও এখন আবারো বিপরিতমূখী অবস্থান নিয়েছেন দু’নেতা।