বগুড়ায় শেরপুরে ব্র্যাকের হাইব্রিড ভুট্টা বীজ গজায়নি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৯
বগুড়ার শেরপুরে ব্র্যাকের হাইব্রিড-৯৮৪ জাতের ভুট্টা বীজ উত্পাদন প্রকল্পে নিম্নমানের বীজ সরবরাহের অভিযোগ উঠেছে। উপজেলার বন্যাকবলিত খানপুর ইউনিয়নের বরিতলী মাঠের ঐ প্রকল্পে বেসকারি সংস্থা ব্র্যাকের সরবরাহ করা ভুট্টা বীজের অর্ধেক গজায়নি বলে ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছেন। এ কারণে ফলন কমে গিয়ে তারা লোকসানের আশংকায় চরম হতাশায় ভুগছেন। শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরিতলী ও গজারিয়া গ্রামের প্রায় শতাধিক কৃষকের সাথে শেরপুর ব্র্যাক সীড ফার্ম হাইব্রিড ভুট্টা বীজ ৯৮৪ উত্পাদনে চুক্তিবদ্ধ হয়। চুক্তি মোতাবেক ব্র্যাক সীড ফার্ম কৃষকদের ৪ হাজার টাকা কেজি দরে ভুট্টা বীজ সরবরাহ করে। ব্র্যাকের কর্মকর্তারা কৃষকদের জানান, এ ভুট্টা বীজ প্রতিবিঘায় ২ কেজি ৫শ গ্রাম বপন করতে হবে। এর মধ্য থেকে শতকরা ৯৫ ভাগ বীজ গজাবে। বিঘাপ্রতি ফলন হবে ৯ থেকে ১২ মণ। উত্পাদিত ভুট্টা বীজ ব্র্যাক কৃষকের কাছ থেকে ১শ টাকা কেজি দরে আবার কিনে নেবে। চুক্তিবদ্ধ কৃষকরা জানিয়েছেন, তারা একদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আরেকদিকে বাজারে ধানের দাম কম। এরপরও ভট্টা বীজ চাষে বড় ধরনের লোকসানের মুখোমুখি হলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। ব্রাক সীড ফার্মের ভুট্টা বীজ উত্পাদন প্রকল্পের প্রধান কামাল চৌধুরী জানান, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে আমরা মাঠ পরিদর্শন করেছি। আমাদের হিসেব মতে জার্মেশনের হার শতকরা ৭৬ ভাগ।