জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী তীরবর্তী বিবিয়ানা গ্যাস ফিল্ডের উত্তর পাড়ে অবস্থিত গ্রামগুলোতে সোমবার সন্ধ্যায় হঠাত্ বিকট শব্দে ভূ-কম্পন অনুভূত হলে লোকজন আতংকিত হয়ে ঘরের বাহিরে বেরিয়ে পড়েন। আতংকিত লোকজনদের অনেকেই জানান, এর আগে বহুবার ভূ-কম্পন হয়েছে তবে এভাবে বিকট শব্দ কখনও হয়নি। এদিকে একই সময়ে দেড় মিনিট স্থায়ী ভূ-কম্পনের ফলে উপজেলার আষারকান্দি ইউনিয়নের বড়ফেচী, কালনীচর, আটঘর, নোয়াগাঁও গ্রামসহ পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া, অলইতলী, নতুন কসবা, কাতিয়া বাজার ও জামেয়া ইসলামীয়া কাতিয়া মাদ্রাসাসহ আশপাশের শত শত শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা দালানে ফাটল দেখা দিয়েছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত দালানে বসবাসরত লোকজন আতংকিত হয়ে অন্যত্র বসবাস করছেন। এদিকে ঘটনার সময় কাতিয়া মাদ্রাসা ভবনের দেয়াল ফাটলের বিকট শব্দে ভবনে অবস্থানরত ছাত্ররা আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। এসময় ভয়ে মাদ্রাসার ৩ ছাত্র জ্ঞান হারিয়ে ফেলে।
