কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের ছয় সংগঠককে মরণোত্তর সম্মাননা প্রদান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:৩০
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জের ছয় সংগঠককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী, রুহুল আমিন খান, শেখ সেলিম কবীর প্রমুখ। সম্মাননাপ্রাপ্তরা হলেন মোস্তাফিজুর রহমান খান চুন্নু মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মহিউদ্দিন আহমদ, আশরাফুদ্দিন আহমদ ও এ কে শামসুল হক গোলাপ মিয়া। পরে প্রধান অতিথি স্বজনদের হাতে সম্মাননা পদক তুলে দেন।