রায়পুরায় ৪১ বছরেও নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:৩১
রায়পুরা মেথিকান্দা গণকবরে স্বাধীনতার ৪১বছর পেরিয়ে গেলেও আজো নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ। এদিকে গণকবরের উপর দিয়ে নির্মিত হচ্ছে রেললাইন। ফলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গণকবরের নির্ধারিত স্থান। ১৯৭১ সালের ১মার্চ থেকে সারা দেশের ন্যায় রায়পুরায় ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হতে থাকে। তত্কালীন ছাত্রনেতা আব্দুল আলী মৃধা, নূরুল ইসলাম কাঞ্চন, মোঃ আফজাল হোসাইন, আব্দুল হালিম প্রমুখের নেতৃত্বে ১২ মার্চ রায়পুরায় এক যৌথ সংগ্রাম কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১০ ডিসেম্বর রায়পুরা পাক হানাদার মুক্ত হয় এবং বীর জনতা থানা পরিষদ মাঠে পতাকা উড়িয়ে স্বাধীন বাংলা শ্লোগানে মুখরিত করে তোলে। ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, রহিমাবাদের হাছেন মিয়া, কান্দাপাড়ার বশিরুল ইসলাম, দড়িহাটির নুরুল হক, নবিয়াবাদের শওকত হায়াত্সহ ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালীন উপজেলা সদরের মেথিকান্দা রেল স্টেশনের পাশে হত্যা করে গণকবর দেয়া হয় অসংখ্য দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধাদের। এ স্থানটিতে প্রায় ১০ বছর পূর্বে রায়পুরা প্রেসক্লাবের পক্ষ থেকে ১০ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর পুষ্পস্তবক অর্পণ শুরু করা হয়। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পস্তবক অর্পণ শুরু করে। কিন্তু স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও আজো এখানে নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ।