চান্দাইকোনায় নামযজ্ঞানুষ্ঠান
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জের চান্দাইকোনা হালদারপাড়া সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২৪ প্রহর মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন।
চিতলমারীতে সংঘর্ষে মহিলাসহ আহত ৮
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের চিতলমারীতে পৃথক সংঘর্ষে সংখ্যালঘু পরিবারের মহিলাসহ কমপক্ষে ৬জন আহত হয়েছে। আহতদের চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার খিলিগাতী গ্রামের জলিল ফকিরের লোকজন মঙ্গলবার প্রতিবেশি সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে আশীষ মণ্ডল (২৭) ও দেবাশিষ বিশ্বাস (২৬) আহত হয়। আহতদের চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গফরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশিষ্ট শিল্পপতি মেডোনা গ্রুপের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামানের উদ্যোগে গফরগাঁও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ৩ হাজার ১শ’ অসহায়, হতদরিদ্র, দুস্থ, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা, এতিম ও ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ফুলবাড়িতে শীতবস্ত্র বিতরণ
ফুলবাড়ি সংবাদদাতা \ মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ির বারাই একতা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার ক্রীড়ানুষ্ঠান ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু হেনা মোস্তফা কামাল।
গঙ্গাচড়ায় বই বিতরণ
গঙ্গাচড়া সংবাদদাতা \ বছরের শুরুতে ২০১৩ শিক্ষাবর্ষে সরকারিভাবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে রংপুরের গঙ্গাচড়ায় গতকাল মঙ্গলবার বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর তার কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এক সেট করে বই তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
বাগেরহাটে গ্রামবাসীর মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে সুপেয় পানি সুবিধা নিশ্চিত করার দাবিতে সোমবার মানববন্ধন করেছে সদর উপজেলার বিষ্ণুপুর, বেমরতা ও ডেমা ইউনিয়নের কয়েকশ’ গ্রামবাসী। ‘পানি অধিকার কমিটির’ আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তারা বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে ছয় দফা দাবিতে স্মারকলিপি দেয়।
শেরপুরে সোনার বাংলা বাস সার্ভিস চালু
শেরপুর প্রতিনিধি \ যাত্রীদের ভোগান্তি দূর করতে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা নামে একটি ননস্টপ বাস সার্ভিস চালু করেছে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতি। সোমবার থেকে কম সময়ে ঢাকা যাওয়ার অঙ্গীকার নিয়ে এই বাস সার্ভিস যাত্রা শুরু হয়েছে।
জগন্নাথপুরে ১৫দোকানে চুরি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌরশহরে সোমবার রাতে ডাকবাংলো রোডের ১৫টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা আনন্দ কম্পিউটার দোকানের পাকা দেয়ালের ভেন্টিলেটার ভেঙ্গে দুটি লেপটপসহ প্রায় ১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই রাতে আরো ১৪টি দোকানের বিদ্যুত্ সংযোগ লাইনের তার কেটে নিয়ে যায়।
ছাগলনাইয়ায় হামদর্দের মেডিক্যাল ক্যাম্প
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়ায় হামদর্দ ল্যাবঃ (ওয়াকফ) এর উদ্যোগে রবিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিত্সা সেবা উদ্বোধন করেন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ছালাহ উদ্দিন ভুঁইয়া।
ভালুকায় শিবিরকর্মী সন্দেহে আটক ১৪
ভালুকা সংবাদদাতা\ ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকার জুবেদা মডেল স্কুল থেকে সোমবার রাতে জামায়াত-শিবিরকর্মী সন্দেহে ১৪ শিক্ষার্থীকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃতরা ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
কাহালুতে পল্লী বিদ্যুত্ সমিতির নির্বাচন
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ সোমবার বগুড়ার পল্লী বিদ্যুত্ সমিতির এলাকা পরিচালক পদের নির্বাচনে এটিএম আইনুল ইসলাম কাহালু উপজেলা এলাকার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
ইসলামপুরে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মত বিনিময়
জামালপুর প্রতিনিধি \ জেলার ইসলামপুর উপজেলায় প্রকৃত যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায়।
মাধবপুরে শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ মাধবপুরে সুরমা চা বাগানে মাহঝিল চাইল্ড স্পনসরশীপ প্রোগ্রাম বিডি-৪১৩ এর সহায়তায় সোমবার দরিদ্র ও সুবিধা বঞ্চিত ১৭৬জন শিশুকে শীতবস্ত্র প্রদান ও প্রাক বড় দিন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়।
পোরশায় আওয়ামী লীগের সম্মেলন
নওগাঁ প্রতিনিধি \ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে আব্দুল মতিনকে সভাপতি ও এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আখাউড়ায় বিজিবি’র আইসিপি ভবন উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ-এর আইসিপি (ইন্টারন্যাশনাল চেকপোস্ট) নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সকালে ভবন উদ্বোধন করেন বিজিবি কুমিল্ল¬া সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ গোলাম জাহিদ পিএসসি।
সাতকানিয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগড় সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় হতে এসএসসি, জেএসসি ও পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।
সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত হয়েছে। সোমবার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ারের সভাপতিত্বে বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রায়হান উদ্দিন রেহানকে সংগঠনের চেয়ারম্যান ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীকে জেনারেল সেক্রেটারি করা হয়।
মুন্সীগঞ্জে ফ্রেন্ডস ফাউন্ডেশনের বৃত্তি
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ ফেন্ডস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সোমবার মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজার ৯শ’ ২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। জেলার ৯২টি স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
তাড়াশ রিপোর্টার্স ইউনিটিকে টেলিভিশন প্রদান
চলনবিল সংবাদদাতা \ নব গঠিত চলনবিলের তাড়াশ উপজেলায় রিপোর্টার্স ইউনিটির ব্যবহারের জন্য ওয়াল্টন শোরুম তাড়াশ শাখার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার একটি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, সাবেক কমান্ডার গাজী।
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন
টঙ্গী সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সকালে টঙ্গীর বনমালা রোডের ধুমকেতু স্কুলের সামনে থেকে ইব্রাহিম হোসেন (কিরন) ৩৭ নামে এক যুবকের লাশ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি চাঁদপুরে। সে দীর্ঘদিন ধরে বনমালা এলাকায় বসবাস করে আসছে। পেশায় একজন ড্রাইভার। গতকাল সকাল-সন্ধ্যা হরতাল থাকায় খুব ভরে গুলশানের উদ্দেশে বাসা থেকে বাহির হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
আত্রাইয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ মঙ্গলবার আত্রাই উপজেলায় শিশু সংগঠন ‘প্রজাপতি’ এর আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতাটি ওইদিন সকাল ১১ টায় উদ্বোধন করেন স্থানীয় (আত্রাই-রাণীনগর) সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম।
নাসিরনগরে পুরস্কার বিতরণ
নাসিরনগর সংবাদদাতা \ মহান বিজয় দিবস উপলক্ষে ভুবন উদয়ন ছাত্র সংগঠনের উদ্যোগে সোমবার ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শ্যামপুর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভুবন উদয় ছাত্র সংগঠনের সভাপতি আহসান উদ্দিন মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ সায়েম।
