প্রাথমিক শিক্ষার্থীরা নতুন বই পাবে পহেলা জানুয়ারি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:৪২
২০১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১০ কোটি ৭৮ লাখ বই ছাপা হয়েছে। ২ কোটি ৩১ লাখ শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি এসব বই তুলে দেয়া হবে। এ লক্ষ্যে দেশের সব উপজেলায় বই পৌঁছানো হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন। আফসারুল আমিন বলেন, পরীক্ষামূলক সংস্করণ হিসেবে ২০১৩ সালের বই ছাপা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে সংশোধন ও পরিমার্জন করা হবে। বই ছাপার জন্য খরচ হয়েছে ৩২৬ কোটি টাকা। ভ্যাট ও এনসিটিবির চার্জসহ মোট খরচ হয়েছে ৩৪০ কোটি টাকা। মন্ত্রী জানান, প্রথম শ্রেণীর জন্য ১ কোটি ৬২ লাখ, দ্বিতীয় শ্রেণীর জন্য ১ কোটি ৫২ লাখ, তৃতীয় শ্রেণীর জন্য ২ কোটি ৮৬ লাখ, চতুর্থ শ্রেণীর জন্য ২ কোটি ৬৩ লাখ ও পঞ্চম শ্রেণীর জন্য ২ কোটি ১৪ লাখ বই ছাপা হয়েছে। এবার ৬৪ জেলায় ৫ শতাংশ হিসেবে ৫০ লাখ বই বাফার গুদামে মজুদ রয়েছে। রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের প্রস্তাবিত শিক্ষা কেন্দে র চাহিদা অনুযায়ী বই রয়েছে ৫ লাখ ২৫ হাজারটি। তিনি জানান, বিদেশি মিশনের জন্য বাংলা ভার্সনে ২০ হাজার এবং ইংরেজি ভার্সনে ২০ হাজার বই রাখা হয়েছে। এছাড়া চাহিদা অনুযায়ী দেশের ৫০টি জেলায় ইংরেজি ৩ লাখ ৭৮ হাজার বই রাখা হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দীন, এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সচিব বলেন, ছাপানো বইতে যদি ভুল থাকলে এখনি জানানো হলে তা ফেরত নেয়া হবে। এসব বইয়ের ভুল সংশোধন করে পুনরায় ছাপিয়ে সরবরাহ করা হবে।