পর্যবেক্ষক প্যানেলের প্রতিবেদনের ভিত্তিতেই পদ্মা সেতুতে অর্থায়ন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:৪৪
মামলার নথি দেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্যানেল যে রিপোর্ট দেবে তার ওপরই পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নির্ভর করবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। সেতু প্রকল্পের পরামর্শকের কাজ পাইয়ে দেয়ার জন্য ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাত জনের বিরুদ্ধে মামলা দায়েরের এক দিন পর গতকাল মঙ্গলবার বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের এ্যালান গোল্ডস্টেইন এক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পর্যবেক্ষক প্যানেল দুদকের দায়ের করা মামলার এজাহার হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ পর্যালোচনা করবে। তারা দুদকের অনুসন্ধান কাজের পর্যাপ্ততা বিশ্লেষণ করবে। এরপর তারা একটি প্রতিবেদন দেবে। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন আন্তর্জাতিক পর্যবেক্ষক প্যানেলের এই প্রতিবেদনের উপরই নির্ভর করবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের এই প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে। দ্বিতীয় দফা বাংলাদেশ সফরের সময় তারা দুদকের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠকের সময় দুদক যে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলছে তাতে কাকে কাকে অভিযুক্ত করা হবে, তা নিয়ে প্যানেল সদস্যদের সঙ্গে দুদকের মতবিরোধ হয়। দুদক সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আইনি ব্যবস্থা নিতে চাইলে তাতে সম্মত হয়নি আন্তর্জাতিক প্যানেল। এদিকে দাতাদের একটি সূত্র জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষক প্যানেলের এই প্রতিবেদন হাতে পেলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অন্যান্য অর্থায়নকারীর সঙ্গে বৈঠকে বসবে। এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। উল্লেখ্য, প্রকল্পে বিশ্ব ব্যাংক ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা, আইডিবির অর্থায়ন করার কথা রয়েছে। এদিকে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে সরকার এখনো আশাবাদী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা করেই পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে মামলা করেছে দুদক। মামলার বিষয়ে বিশ্ব ব্যাংককে জানানো হয়েছে। তারা এখনো প্রতিক্রিয়া জানায় নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানালে সে অনুযায়ী ব্যব্যস্থা নেয়া হবে। তিনি বলেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে সরকার এখনো আশাবাদী।