কাপাসিয়ায় কলেজছাত্রীর উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩২

কাপাসিয়ায় এইচএসসি পরীক্ষার্থী শিলার উপর এসিড নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার উপজেলার আড়াল জিএল স্কুল এন্ড কলেজে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে শিলার সহপাঠীসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৬/৭ শত লোক অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মনির হোসেন, অর্থনীতি বিষয়ের প্রভাষক মোঃ নিজামউদ্দিন তারেক, ইংরেজি বিষয়ের প্রভাষক মোস্তফা কামাল, পৌরনীতির প্রভাষক মো. মকবুল হোসেন প্রমুখ।

উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে চলতি এইচএসসি পরীক্ষার্থী শিলা গত শনিবার পরীক্ষা শেষে কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বাড়ি ফেরার উদ্দেশে তরগাঁও মেডিকেল মোড় থেকে সিএনজিতে ওঠার সময় তিন বখাটে তার উপর এসিড নিক্ষেপ করে। এতে শিলার দুই হাত ঝলসে যায়।