নকিয়াকে টপকে মোবাইল ফোনের রাজত্বে শীর্ষে স্যামসাং

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
নব্বইয়ের দশক থেকে মোবাইল ফোনের যে রাজত্ব শুরু হয়েছে, তাতে শুরু থেকে এখন পর্যন্ত রাজত্ব বজায় রেখেছিল যে প্রতিষ্ঠানটি, তার নাম নকিয়া। তবে নকিয়া যে তার রাজত্ব ধরে রাখতে পারবে না, এটা বোঝা যাচ্ছিল গত কয়েক বছর ধরেই। স্মার্টফোনের রাজত্ব শুরু হতেই পিছিয়ে পড়তে শুরু করে নকিয়া। আর তখন থেকেই উত্থান স্যামসাংয়ের। কেবল স্মার্টফোনই নয়, সার্বিকভাবে মোবাইল ফোনের বাজারেই শীর্ষের দিকে চলে আসতে থাকে স্যামসাং। পাশাপাশি এই সময়ে নকিয়া তাদের বাজার হারাতে থাকে দ্রুত গতিতে। এরই ফলস্বরূপ শেষ পর্যন্ত নকিয়াকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে স্যামসাং। চলতি বছরে মোট বিক্রি হওয়া মোবাইল ফোনের হিসেব কষে এটি দেখিয়েছে প্রযুক্তি বাজার বিশ্লেষক সংস্থা আইএইচএস সাপ্লাই। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জানিয়েছে, গত বছরে মোবাইল বাজারের ২৪ শতাংশ দখল করা স্যামসাং এ বছরে এসে দখল করছে ২৯ শতাংশ। অন্যদিকে গত বছরে মোবাইলের বাজারের ৩০ শতাংশ নকিয়ার দখলে থাকলেও এ বছরে এসে তার পরিমাণ কমে হয়েছে ২৪ শতাংশ। ফলে ১৪ বছর পর এসে প্রথমবারের মতো মোবাইল ফোনের বাজারের শীর্ষস্থানে নকিয়াকে হটিয়ে শীর্ষে উঠে এল অন্য কোনো প্রতিষ্ঠান। স্যামসাংয়ের এই অগ্রগতি সামনের বছরেও অব্যাহত থাকবে বলেই অনুমান করছে আইএইচএস সাপ্লাই। শীর্ষস্থানটিকে আরও পোক্তই করতে যাচ্ছে তারা।