৩৫ সফল শিল্পোদ্যোক্তা সিআইপি সম্মাননা পাচ্ছেন আজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:০৩
দেশের শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৩৫ জন শিল্পোদ্যোক্তা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি) সম্মাননা পাচ্ছেন আজ। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ তাদের এই সম্মাননা দেয়া হবে। ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ৩৫ জন শিল্পোদ্যোক্তার হাতে সিআইপি (শিল্প)-২০১২ কার্ড তুলে দেয়া হবে। এর মধ্যে পদাধিকারবলে ৮ জন, বৃহত্ শিল্প ক্যাটাগরিতে ১৩ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৬ জন, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩ জন, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ২ জন এবং সেবা শিল্প ক্যাটাগরিতে ৩ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উত্পাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হচ্ছে। সিআইপি সম্মাননাপ্রাপ্তরা আগামী একবছর বিশেষ সুবিধা পাবেন। বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র, সরকারের নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হবেন এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রিত হবেন। দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। শিল্প মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সিআইপি (শিল্প) নির্বাচনকালে শিল্প মন্ত্রণালয়ের বাছাই কমিটি সিআইপি (শিল্প) নীতিমালা-২০০৮ এর মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ করা হয়েছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিআইপি কার্ড প্রদান করবেন। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে।