রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারকে ফরমালিনমুক্ত করার উদ্যোগ হিসেবে এবার ক্ষতিকর ফরমালিনমুক্ত হচ্ছে মোহাম্মদপুর টাউনহল আদর্শ বাজার। আজ এই বাজারে ফরমালিন ডিহাইড্রেশন মেশিন স্থাপন করা হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে রাজধানীর মালিবাগ, মহাখালী, গুলশান ও শান্তিনগর বাজারে ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়। ক্রমান্বয়ে অন্যান্য বাজারেও এই মেশিন স্থাপন করা হবে।
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য মমতাজ বেগম, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান প্রমুখ এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই বাজারকে ফরমালিনমুক্ত করার কার্যক্রমে সহায়তা করছে ঢাকা ব্যাংক।
