সিঙ্গাপুরে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। জানা গেছে, রোজার প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। গতকাল রবিবার সকালে তাকে মর্নিং ওয়াক (হাঁটাহাঁটি) করতে দেখা গেছে। সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুমন্ত্রী তার সিঙ্গাপুরের ভাড়া অ্যাপার্টমেন্টের পাশে ফাঁকা জায়গায় একাই স্বাভাবিক গতিতে হাঁটছেন। তার পেছনে একজন সঙ্গী রয়েছেন। চোখে চশমা, কফি কালারের টিশার্ট ও কালো প্যান্টে ওবায়দুল কাদেরকে অনেকটাই স্বাভাবিক দেখাচ্ছে।
শেখ ওয়ালিদ ফয়েজ গতকাল ইত্তেফাককে জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য এখন চিকিত্সকদের তত্ত্বাবধানে সিঙ্গাপুরেই অবস্থান করছেন। ফলোআপ চিকিত্সা সেবা নিচ্ছেন। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরবেন। গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। উন্নত চিকিত্সার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।
