ভারতীয় প্রধানমন্ত্রী, নাকি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক—চাপ কার বেশি? ভারতেই এ নিয়ে বিতর্ক চলতে পারে। তবে অনেক ভারতীয়ই বিশ্বাস করেন, তাদের প্রধানমন্ত্রীর চেয়ে অধিনায়কের ওপর চাপ একটু বেশিই! দলের সাফল্যে যেমন অধিনায়ক উঠে যান সবার উপরে ঠিক সেভাবেই দল যখন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তখন একমাত্র ব্যক্তি হিসেবে সব দোষ এসে পড়ে অধিনায়কের উপর।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজে পরাজয়ের পর এই চাপ টের পাচ্ছেন দলকে মাত্র আগের বছরই বিশ্বকাপ জেতানো মহেন্দ্র সিং ধোনি। এই চাপের স্বরূপটা কী তা ভালো জানেন সৌরভ গাঙ্গুলি। আর সেই অভিজ্ঞতা থেকে সৌরভ বলছেন, ধোনির ক্রিকেটেও প্রভাব ফেলতে শুরু করেছে এই চাপ, ‘আমার মতে ধোনির উপর প্রচণ্ড মাত্রায় কাজের চাপ রয়েছে যা তার ক্রিকেটকে প্রভাবিত করছে।’ তিন ধরনের ফর্মেটে ভারতকে নেতৃত্ব দেয়া ছাড়াও তার কাঁধের উপর রয়েছে একই সাথে রান করা এবং উইকেটের পিছনে দায়িত্ব সামলানোর কঠিন চাপ। ভারতীয় ক্রিকেটে তার অসাধারণ অবদানের কথা মাথায় রেখে নির্বাচকদের উচিত তার উপর থেকে অত্যধিক চাপের বোঝা কমিয়ে ফেলার উপায় খুঁজে বের করা। এমনটাই মনে করেন সাবেক এই অধিনায়ক। তা নাহলে একজন ব্যাটসম্যান হিসেবে ভারত ধোনিকে হারাবে। সৌরভের কথায় যুক্তি আছে। বিশ্বের মাত্র নয়জন উইকেটরক্ষক ১০টি বা তার বেশি টেস্ট ম্যাচে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি আলেঙ্গার ১৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। এই তালিকায় সর্বাগ্রে রয়েছেন ধোনি। ২০০৪-০৫ সালে আন্তর্জাতিক অভিষেক হবার পর এ পর্যন্ত ৪৩টি টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং ৩৭টি টোয়েন্টি-২০ ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ধোনি। টেস্ট এবং ওয়ানডে উভয় ধরনের ফর্মেটে ভারতের অন্যতম সফল অধিনায়ক গাঙ্গুলির মতে ধোনির উপর থেকে চাপ কমানোর প্রক্রিয়া হিসেবে অধিনায়কত্ব ভাগ করার সময় এসেছে। গাঙ্গুলি বলেন, বর্তমান সময় এত বেশি ক্রিকেট ম্যাচ হয় যে ধোনির জন্য তা বেশ কঠিন হয়ে যায়। তার উপর বছরের মাঝামাঝিতে রয়েছে আইপিএল আসর। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর নির্বাচকদের উচিত ধোনির সাথে আলাপ করে সে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানেই তাকে দায়িত্বে রাখা, বাকিগুলো ছেড়ে দেয়া। অধিনায়কত্ব ভাগ করে দিলে ভারত বেশ লাভবান হবে বলেই বিশ্বাস করেন গাঙ্গুলি। আর এই কাজ করার এখনই সঠিক সময়। শুধু ব্যাটিংয়ের কারণে ধোনির টেস্ট দলে জায়গা পাওয়া উচিত বলেও সাবেক এই অধিনায়ক মত দিয়েছেন। নাগপুর টেস্টে সে নিজের ব্যাটিং প্রতিভার প্রমাণ দিয়েছে। তার ব্যাট থেকে এসেছে ৯৯ রানের ঝকঝকে ইনিংস। এখন পর্যন্ত গাঙ্গুলির দেখা এটাই ধোনির সেরা টেস্ট ইনিংস। এর আগেও গাঙ্গুলি ভারতের ওয়ানডে দলের জন্য সেরা অধিনায়ক হিসেবে ধোনির কথা অনেকবারই উল্লেখ করেছেন।—বাসস
