বিসিবির কেউ নন
বরিশাল বার্নাসের উপদেষ্টা হিসেবে ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নিয়ম অনুযায়ী এবার তিনি বরিশাল বার্নাসের সাথে যুক্ত হতে পারছেন না। শুধু আকরাম নন, বিসিবির এডহক কমিটি কিংবা কোন কর্মকর্তা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাথে সম্পৃক্ত হতে পারবেন না।
বিপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য সচিব ডা: এ আই এইচ মল্লিক বলেছেন, ‘বিসিবির কেউ বিপিএলের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই’। আকরামের মত খালেদ মাহমুদ সুজনও বিপিএলের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। গতবার তিনি চট্টগ্রাম কিংসের সাথে জড়িত ছিলেন। সুজন বর্তমানে বিসিবির এডহক কমিটির সদস্য।
বাড়লো ভেন্যু
বিপিএলের ভেন্যু সংখ্যা বাড়তে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের পর এবার বিপিএলের খেলা হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। বিপিএলের প্রথম আসর হয়েছিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পানি নিষ্কাশনের কাজ চলছে বিধায় এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএলের খেলা অনুষ্ঠিত হবে।
টিকেট ২ জানুয়ারি
বিপিএলের প্রথম আসরে গ্যালারির মূল্য ছিল দুশো টাকা। এবারো সেই মূল্য রাখার পরিকল্পনা করেছে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টস। প্রতিষ্ঠানটির পরিচালক অঞ্জন গাঙ্গুলী জানিয়েছেন, গ্যালারির মূল্য দুশো টাকা রাখারই পরিকল্পনা করছি। তবে সর্বোচ্চ দাম ছিল গ্র্যান্ড স্ট্যান্ড ৫ হাজার। সেটা কমানোর চিন্তা ভাবনা করছি।
আগামী ২ জাুনয়ারি থেকে সারাদেশে বিপিএলের টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন গেম অন স্পোর্টসের এই পরিচালক।
দুই ম্যাচে স্যামুয়েলস
ক্রিস গেইল আসছেন না। তবে মারলন স্যামুয়েলস আসতে পারেন। কাল এরকম তথ্য দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব ডা: এ আই এইচ মল্লিক। তিনি বলেন, ‘গেইল ইনজুরিতে। স্যামুয়েলসও এক কিংবা দুই ম্যাচের জন্য খেলতে পারেন। তার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’। তবে ঢাকায় আসলেও সব ম্যাচ খেলা হচ্ছে না এই ক্যারিবিয়ানের।
নিলাম সরাসরি সমপ্রচার
বিপিএলের খেলোয়াড় নিলাম অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করবে চ্যানেল নাইন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে স্থানীয় একটি হোটেল থেকে নিলাম অনুষ্ঠানটি সমপ্রচার করা হবে। ১১৩ জন দেশি ও ১৩৪ জন বিদেশি খেলোয়াড়ের নিলাম অনুষ্ঠিত হবে।
