টঙ্গীর তুরাগ নদের তীরে অব্যাহত উচ্ছেদ অভিযানের ৩য় পর্বের ৪র্থ পর্যায়ের ১ম দিনে টঙ্গীর বিসিক শিল্পনগরীর বহুতল ভবনসহ ছোট-বড় মিলিয়ে অবৈধ গার্মেন্টস্ কারখানাসহ ডাইং ওয়াশিংয়ের স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তুরাগ নদের তীরে অব্যাহত উচ্ছেদ অভিযানের ৩৪তম দিনে ছোট-বড় মিলিয়ে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর মধ্যে রয়েছে সাত তলা-১টি, পাঁচ তলা-১টি, দোতলা-১টি, একতলা-৭টি, আধা পাকা-১০টি, টিন সেড-৫টি, বাউন্ডারী ওয়াল-৪টি।
গতকাল দুপুরে টঙ্গীর বিসিক অনন্ত গ্রুপের প্যাড়াডাইস ডাইং ওয়াসিং এর ৭তলা ও ৬তলা ভবনটি উচ্ছেদ করলে কারখানার শ্রমিক ও কর্মকর্তা বাধা দেয়। একপর্যায় শ্রমিকরা ইটপাটকেল মারলে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অপরাধে ৪ জনকে আটক করে পুলিশ। ৪ ঘন্টা পর ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয় বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
