সিরাজদিখানে গোল আলু রোপণ মৌসুম শুরু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২০
গোল আলুর ভাণ্ডার বলে খ্যাত সিরাজদিখান ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এখন আলু রোপণ মৌসুম শুরু হয়েছে পুরোদমে। আলু রোপণকে কেন্দ্র করে এলাকার কৃষক, জমির মালিক, মজুর, সার ও বীজ ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ব্যস্ততা বেড়ে গেছে। এমনকি কৃষক পরিবারের মেয়েদেরও প্রায় সারাক্ষণ ব্যস্ত থাকতে হচ্ছে বীজ আলু কেটে রোপণের উপযোগী করে তোলার জন্য। তবে এবার লেবার মজুরী একটু বেশি। এলাকায় মজুর সংকট দেখা দিয়েছে। বর্তমানে এলাকার অধিকাংশ মজুরই উত্তর বঙ্গের অভাবী এলাকার লোকজন। প্রতিবারের ন্যায় এবারো তারা পরিবার-পরিজন নিয়ে এ এলাকায় চলে এসেছেন কাজের জন্য। সিরাজদিখান উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রাশেদুল হাসান জানান, এবছর উপজেলায় প্রায় সাত হাজার পাঁচশ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সে লক্ষ্যমাত্রা অতিক্রম করে এ বছর উপজেলায় প্রায় নয় হাজার হেক্টরের কাছাকাছি জমিতে আলু চাষ হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এ বছর উপজেলায় শরিষা, সবজি, গম, ডাল ও পিঁয়াজ-রসুনের চাষ কমে যাবে।