টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কসাইরা জবাই করে চলেছে গরু-ছাগল। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জবাইকৃত এসব পশুর মাংস অবাধে বাজারে বিক্রি হচ্ছে এবং মাংস খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় পৌরসভা এবং উপজেলা প্রশাসন থেকে এসব দেখভাল করার জন্য মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকায় কসাইদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। সচেতন মহল খোলা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই বন্ধের জোর দাবি জানিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে যে, মির্জাপুর সদরের কাঁচাবাজার, বিশ্বরোড বাইপাস, কুরনী, পাকুল্যা, সোহাগপাড়া হাটুভাংগা এলাকায় খুবই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই করছে কসাইরা। উপজেলার তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, গোড়াই, আনাইতারা, ভাওড়া, ওয়ার্শী, বহুরিয়া, বানাইল, জামুর্কি, ভাতগ্রাম, ফতেপুর ও মহেড়া ইউনিয়নের প্রতিটি হাট-বাজারের পাশে এভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কসাইরা গরু-ছাগল জবাই করে বাজারে বিক্রি করছে। একই সাথে সদরের বাইপাস ও কাঁচাবাজারে কসাইরা গরু জবাইয়ের পর পুকুরের পচা পানি দিয়ে মাংস পরিষ্কার করে থাকে। কুকুরকে মাংস নিয়েও টানাটানি করতে দেখা যায় এদিকে। মরা গরু-ছাগল জবাই করে স্থানীয় কসাইরা বাজারে বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনও এদের বিরুদ্ধে আজ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, এসব দেখার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর ও স্যানেটারি ইন্সপেক্টরদের।
